চট্টগ্রামে টেম্পু উল্টে নিহত ১
বিরোধী দলের হরতালের মধ্যে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার সকালে চান্দগাঁওয়ের মৌলভীপুকুর পাড় এলাকায় নিহত জাকির হোসেন (৩০) কালুরঘাট বিসিক এলাকার সিএনএ ফ্যাশন নামে একটি পোশাক কারখানার কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তা এসআই ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বহদ্দারহাট থেকে কালুরঘাটগামী দুটি টেম্পুর চালক পরস্পর কথা বলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটান।
“দুই চালক কথা বলছিল, মৌলভীপুকুর পাড় এলাকায় এক শিশু দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি টেম্পুর সামনে পড়ে। তখন চালক টেম্পুর স্টিয়ারিং ঘুরিয়ে দিলে এটি উল্টে যায় এবং ভেতরে থাকা যাত্রী জাকির গুরুতর আহত হয়।”
গুরুতর আহত অবস্থায় জাকিরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহির উদ্দিন জানান।
