২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার হরতালকারীর কারাদণ্ড

বিরোধী দলের হরতাল ঘিরে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় হাতবোমাসহ গ্রেপ্তার ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চার কর্মীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 02:19 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

শ্যামপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, সোমবার সকালে যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায় হরতালকারীদের মিছিল থেকে পুলিশের ওপর হাতবোমা ছোড়া হয়।

এ সময় ৮৪ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল মাহমুদ (১৯), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির কর্মী ইকবাল হোসেন (২০) এবং তিতুমীর কলেজ ছাত্রদলের কর্মী মোজাম্মেল হোসেনকে (২০) চারটি হাতবোমাসহ গ্রেপ্তার করা হয়। 

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতাংশু হাওলাদার তাদের ছয় মাসের কারাদণ্ড দেন বলে ওসি জানান। 

এর আগে রোববার রাতে শ্যামপুর বাজার এলাকায় একটি অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের কর্মী রহিমকে (৩০) চারটি ককটেলসহ গ্রেপ্তার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকেও একই দণ্ড দেন বলে ওসি আব্দুর রশিদ জানান।