২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশের টহল টেম্পো ভাংচুর

বরিশালে হরতালে পুলিশের একটি টহল টেম্পো ভাংচুর করেছে পিকেটাররা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 01:26 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার সকাল ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কৃষি ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সমর্থনে মিছিল বের করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় তারা যানবাহন ভাংচুরের চেষ্টা চালালে বিমানবন্দর থানার একটি টহল দল তাদের ধাওয়া করে।

পরে পুলিশ ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশবহনকারী টেম্পোটি ভাংচুর করে হরতালকারীরা।

বিমানবন্দর থানার ওসি মো. শহীদ উল্ল্যাহ জানান, তাদের টেম্পোর সামনের কাচ ভেঙে গেছে।

এদিকে বেলা ১১টার দিকে নগরীর সরকারি ব্রজমোহন কলেজের সামনে একটি অটোরিকশা ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে ছাত্রদল কর্মীরা।

এ সময় অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হন এক নারী। তাকে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে হরতাল প্রতিরোধে ভোর থেকেই নগরীতে মোটর সাইকেল নিয়ে তৎপর রয়েছে ছাত্রলীগ কর্মীরা।

মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিন বলেন, “হরতালের নামে বিএনপি-জামায়াত জোট যাতে কোনো প্রকার সহিংস ঘটনা ঘটাতে না পারে সেজন্য ছাত্রলীগ মাঠে রয়েছে।”

তবে এর মধ্যেও সকাল সাড়ে ৭টার দিকে মহানগর বিএনপি নগরীর নাজিরের পুল এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে।

মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে মিছিলটি অশ্বিনী কুমার টাউন হল এলাকা অতিক্রম করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে সমাবেশ করেন তারা।

সকাল পৌনে ৮টার দিকে জেলা বিএনপির একটি মিছিল নগরীর বগুড়া রোড বাংলাদেশ ব্যাংক এলাকা থেকে শুরু হয়ে অশ্বিনী কুমার টাউন হলের সামনে শেষ হয়।