পলোগ্রাউন্ডে শুরু হচ্ছে ‘উইমেন এসএমই এক্সপো’
চট্টগ্রাম উইমেন চেম্বারের আয়োজনে শুক্রবার থেকে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী ‘উইমেন এসএমই এক্সপো’।
শুক্রবার বিকালে এ মেলার উদ্বোধন করবেন পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। রোববার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই, এসএমই ফাউন্ডেশন ও জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হবে।
লিখিত বক্তব্যে এবারের মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দা জিনাত আরা বলেন, মহিলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসহ এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার, প্রসার, আয় বৃদ্ধি ও ভোক্তা-উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের জন্য এ মেলার আয়োজন করা হচ্ছে।
এতে ইরান, পাকিস্তান ও ভারতসহ দেশ-বিদেশের উদ্যোক্তরা অংশ নিবেন। এবারের মেলায় ২৫০টি স্টল, ২০টি প্যাভেলিয়ন, আইটি জোন, হাউজিং জোন ও ফার্নিচার জোন থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক, উপদেষ্টা খালেদা এ আউয়াল, জ্যেষ্ঠ সহ সভাপতি বিলকিস ইকবাল দাদা, সহ সভাপতি আইভি হাসান, ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম চৌধুরী প্রমুখ।
