২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বোমা বিস্ফোরণ

১৮ দলের ডাকা হারতালের আগের দিন গাজীপুরের টঙ্গীতে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার বিকালে কলেজ গেট এলাকায় এ হামলার সময় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হন অন্তত ১০ জন।

টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিকাল ৪টায় টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।

মিছিল থেকে তারা বেশ কয়েকটি গাড়ির কাচ ভাংচুর করে। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

এ সময় বিএনপিকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে।

পরে পুলিশ লাঠিপেটা করে এবং শটগানের গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে।

বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় উপজেলা চেয়ারম্যান শাহান শাহ আলম, জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেনসহ বিএনপির ১০ কর্মী আহত হয়েছেন।