রায়ে গণজাগরণ মঞ্চের সন্তোষ
মুক্তিযুদ্ধকালীন দুই আলবদর নেতার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা ‘গণজাগরণমঞ্চ’।
একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় নেতৃত্ব দেয়ার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনর মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
আগের রায়ের দিনগুলোর মতোই রোববার সকাল থেকে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেন। রায় ঘোষণার পর শুরু হয় তাদের আনন্দ মিছিল।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “মানুষ কাঙ্ক্ষিত রায় পেয়েছে।”
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে পলাতক এ দুই আসামিকে দেশে ফিরিয়ে আনারও দাবি জানানো হয় মঞ্চ থেকে।
ইমরান বলেন, “ফাঁসির রায় হলেও এ দুই আসামি অবস্থান করছে দেশের বাইরে। কোনো দেশ অপরাধীদের আশ্রয় দিতে পারে না। সরকারের কাজ হবে- দুই দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দুই অপরাধীর সাজা কার্যকর করা।”
আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীন মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় জন শিক্ষক, ছয় জন সাংবাদিক ও তিনজন চিকিৎসকসহ ১৮ বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যা করেন।
ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি ওবায়দুল হাসান রায় ঘোষণা করে বলেন, মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগের সবগুলোতেই দুই আসামির সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে।
