কামরুজ্জামানের কবরে ফুলেল শ্রদ্ধা
জেল হত্যা দিবস উপলক্ষ্যে রাজশাহীতে এ এইচ এম কামরুজ্জামানের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।
রোববার সকালে জাতীয় এ নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, কামারুজ্জামানের ছেলে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এর আগে নগরীর কুমারপাড়া কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি নিয়ে কবরস্থানে পৌঁছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকেলে এ উপলক্ষ্যে সাহেববাজার বড় রাস্তায় আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ।
৩৮ বছর আগে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয়। পরবর্তী সময়ে ওই দিনটি অভিহিত হয় জেলহত্যা দিবস হিসেবে।
১৯৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরবর্তী সময়ে সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৩ নভেম্বর কারাগারে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই তার ঘনিষ্ঠ এ চার রাজনৈতিক সহকর্মীকে আটক করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এ নেতাদের কারাগারে হত্যার ঘটনাটি বিশ্বে নজিরবিহীন।
বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দি থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের সময় মুজিবনগরে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ওই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
