পাবনায় সাম্প্রদায়িক সন্ত্রাস: দোষীদের গ্রেপ্তারের নির্দেশ
ফেইসবুকে কটূক্তির অভিযোগ তুলে পাবনায় হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি রেজা-উল হক ও এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ রোববার স্বপ্রণোদিত এ আদেশ দেয়।
পুলিশের মহা পরিদর্শক, পাবনার এসপি, পাবনার সাঁথিয়া থানার ওসিকে এ আদেশ বাস্তবায়ন করে ৭২ ঘণ্টার মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
একইসঙ্গে ঘটনাস্থলের নিরাপত্তা বিধানের জন্য দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, ক্ষয়- ক্ষতির পরিমাণ নির্ণয় ও ফেইসবুকে ওই পোস্টদাতাকে চিহ্নিত করতে বলেছে আদালত।
এক বছর আগে একই ধরনের অভিযোগ তুলে কক্সবাজারে বৌদ্ধ বসতিতে হামলার পর শনিবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর নির্বাচনী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাঁথিয়ার বনগ্রাম বাজারের পাশের গ্রামে দশম শ্রেণির ছাত্র রাজীব সাহার ফেইসবুক পাতায় নবীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাতে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়।
এরপর শনিবার রাজীবের বাড়িতে ভাংচুরের পর আগুন ধরিয়ে দেয়া হয়। বনগ্রাম বাজারে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ও দোকানও ভাংচুরের শিকার হয়।
শনিবার দুপুরে স্থানীয়রা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করলে পুলিশ সেখানে যায় এবং কাঁদানে গ্যাস ছুড়ে মহাসড়ক থেকে তাদের তুলে দেয়।
কক্সবাজারের ঘটনায়ও জামায়াতের ইন্ধন ছিল বলে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।
