জিম্মি করে অর্থ আদায়: চট্টগ্রামে ৪ পুলিশ সদস্য বরখাস্ত
ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- এসআই আশিকুর রহমান, কনস্টেবল মিজানুর রহমান, হারুনুর রশিদ ও সুমন ধর।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার অনিন্দিতা বড়ুয়া শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দায়িত্বে অবহেলা এবং নিয়ম না মানার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নগরীর রেয়াজুদ্দিন বাজারের এক কাপড় ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ইয়াবা রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে গত বুধবার অভিযান চালান ওই এসআই এবং কনস্টেবল।
ইয়াবা না পেয়ে তাকে ওই ব্যবসায়ীকে নগর গোয়ন্দা অফিসে এনে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা নিয়ে বৃহস্পতিবার ভোর রাতে ছেড়ে দেয়া হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার বিকালে ওই ব্যবসায়ী চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অনিন্দিতা বড়ুয়া জানান, পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ থাকায় বিষয়টি তদন্ত হচ্ছে। যেহেতু বিষয়টি তদন্তাধীন সেকারণে বিস্তারিত কিছু বলা যাবে না।
গোয়েন্দা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ব্যবসায়ীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাবার পর চার পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়।
