রাজশাহী নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ
গ্যাসের একটি পাইপে ফাটল ধরায় রাজশাহী নগরীতে সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শনিবার দুপুরে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) একটি পাইপ ফেটে যায়। কবে নাগাদ গ্যাস সরবরাহ পুনরায় চালু করা যাবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) রাজশাহীর উপব্যবস্থাপক তোফায়েল আহাম্মেদ বলেন, সাময়িকভাবে রাজশাহী নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং গ্যাস লাইনের মেরামত শেষ হলে আবার গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
জিটিসিএলের মেকানিক গোলাম হোসেন বলেন, ফাটল মেরামতের চেষ্টা করা হচ্ছে। তবে কবে নাগাদ এই সমস্যা সমাধান করা সম্ভব হবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাতে পারবেন।
এলাকাবাসীর অভিযোগ, এক মাস আগেই ওই পাইপে একটি ছিদ্র দেখা দেয়। কিন্তু তা সারানোর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি জিটিসিএল।
