বিমানবন্দরে আবার ‘সোনার বার’
একই দিনে দুই ঘণ্টার ব্যবধানে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে চোরাচালানের মাধ্যমে আনা সোনার ৪১টি বার উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা।
শাহজালাল বিমানবন্দরে দুই দিনে দুটি চালান আটকের সপ্তাহ না গড়াতেই শনিবার নতুন করে ১৬টি বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার নাজমা জাবিন জানান, সকালে দুবাই ফেরত এক যাত্রীর সাবানের প্যাকেট থেকে এক কেজি ৮০০ গ্রাম ওজনের ১৬টি সোনার বার পাওয়া যায়।
কবির হোসে নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তিনি এমিরেটসের ফ্লাইটে এসেছিলেন।
গত ২৯ ও ৩০ অক্টোবর শাহজালাল বিমানবন্দরে ‘দুটি চালান’ আটক করে কাস্টমস কর্তৃপক্ষ, যাতে উদ্ধার হয় মোট ২০ কেজি ওজনের ১৬৪টি সোনার বার।
ফাইল ছবি
শাহ আমানত বিমানবন্দরে শনিবার এক যাত্রীর লাগেজ থেকে ২৫০ তোলা ওজনের ২৫টি সোনার বার উদ্ধার হয় বলে জানান ওই বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এয়ার এরাবিয়ার’ দোহা-দুবাই-চট্টগ্রাম রুটের ফ্লাইটের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব সোনার বার পাওয়া যায়।
ফ্লাইটটি যাত্রী নিয়ে শুক্রবার রাতে চট্টগ্রাম পৌঁছালেও তাদের লাগেজ পৌঁছায় শনিবার।
ওই লাগেজের মালিক কে, তার খোঁজ এখনো পাওয়া যায়নি বলে বিমান বন্দর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ইমিগ্রেশন) মিজানুর রহমান জানান।
গত ১ অক্টোবর শাহ আমানত বিমানবন্দরে দোহা থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ১৪টি সোনার বার উদ্ধার হয়।
তার ঠিক এক মাস আগে ১ সেপ্টেম্বর একই বিমান বন্দরে চারটি সোনার বার ও ৪১০ গ্রাম ওজনের ৬৯টি চেইনসহ একজনকে গ্রেপ্তার করে কাস্টমস কর্তৃপক্ষ।
