বিমানের টয়লেটে ১৭ কেজি সোনা
এক সপ্তাহের ব্যবধানে আবারো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের টয়লেটে পাওয়া গেল সোনার বার।
কাস্টমসের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, এবার তারা উদ্ধার করেছেন ১৪০টি সোনার বার, যার ওজন আনুমানিক ১৭ কেজি।
মঙ্গলবার রাত ১১টার দিকে হংকং থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টয়লেট প্যানের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় বারগুলো পায় কাস্টমস কর্তৃপক্ষ।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কাস্টমস কর্মকর্তা কামরুল।
এর আগে গত ২২ অক্টোবর দুবাই থেকে ঢাকায় আসা ‘ফ্লাই দুবাইয়ের’ একটি বিমানের টয়লেটে ২৮০টি সোনার বার পাওয়া যায় যার ওজন প্রায় ৩০ কেজি।
গত কয়েক মাসে ঢাকা, চট্টগ্রামের দুই বিমানবন্দরে সোনার বার উদ্ধারের বেশ কয়েকটি ঘটনা ঘটে। ১ অক্টোবর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দোহা থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ১৪টি সোনার বার উদ্ধার হয়।
তার ঠিক এক মাস আগে ১ সেপ্টেম্বর একই বিমান বন্দরে চারটি সোনার বার ও ৪১০ গ্রাম ওজনের ৬৯টি চেইনসহ একজনকে গ্রেপ্তার করে কাস্টমস কর্তৃপক্ষ।
২০ অগাস্ট হংকং থেকে ঢাকা হয়ে কলকাতাগামী এক ভারতীয় নাগরিকের কাছে সাড়ে সাত কেজি সোনা, আই ফোন ও বিপুল পরিমাণ মেমোরি কার্ড পাওয়া যায়।
এর আগে গত ২৪ জুলাই নেপাল থেকে আসা বিমানের একটি ফ্লাইটে ১২৪ কেজি সোনার বার পাওয়া যায় শাহজালাল বিমানবন্দরে।
তার কয়েকদিন আগেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে পাওয়া যায় প্রায় ১৭ কেজি ওজনের ১৪৬টি সোনার বার।
আর গত ৬ জুলাই ঢাকায় কুয়েত থেকে আসা একটি বিমানে প্রায় ২৫ কেজি সোনার বার পাওয়া যায়।
