২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ২ বাসে আগুন

সাভারের আশুলিয়ায় বিএনপির বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুইটি বাসে আগুন দিয়েছে দলটির সমর্থকরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শনিবার বেলা ৩টার দিকে আশুলিয়ার কবীরপুর ও বিশমাইল এলাকায় এ ঘটনার পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শওকাতুল আলম জানান, ১৮ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও  নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।

তিনি বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে আশুলিয়া থানা বিএনপি নেতাকর্মীরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাইপাইল বাস স্ট্যান্ডের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম আহ্ববায়ক আব্দুস সালামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি কাজে বাধা দিয়ে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে মিজানুর রহমান মিজানসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

এসআই শওকাতুল আলম বলেন, এ ঘটনার জের ধরে কবীরপুর বাসস্ট্যান্ডে ও বিশমাইল এলাকায় দুইটি বাসে আগুন দিয়েছে বিএনপিকর্মীরা।

স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

এদিকে, স্বেচ্ছাসেবক দলের সাভার থানা কমিটির যুগ্ম সম্পাদক নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার মডেল থানার এসআই আকবর আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লা থেকে ক নুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।