রাজশাহীতে বিএনপি-জামায়াতের ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার
১৮ দলীয় জোটের ৬০ ঘণ্টা হরতালের সময় রাজশাহীতে পুলিশ ও র্যাবের উপর হামলা, বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরে জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এদের মধ্যে ২১ জন জামায়াত ও শিবিরের এবং ১৫ জন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) শাহ গোলাম মাহমুদ বলেন, নগরীতে বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেয়া হয়েছে।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া থানা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫, শাহ মখদুম থেকে জামায়াত-শিবিরের ৫, রাজপাড়ায় জামায়াত-শিবিরের ৯ মতিহারে শিবিরের ২ ও মহানগর গোয়েন্দা পুলিশ শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, “গ্রেপ্তাররা ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালে নগরীতে পুলিশ ও র্যাবের উপর হামলা, বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।”
তবে একে গণগ্রেপ্তার হিসেবে দাবি করেছে নগরীর ১৮ দলের নেতৃবৃন্দ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, “মানুষের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলন দমানোর জন্য বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ১৮ দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে।”
