ঝিনাইদহে ‘চরমপন্থি’র লাশ উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার একটি মাঠ থেকে একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জিয়া (৩০) চরমপন্থি দল পূর্ববাংলা কমিউনিস্ট (জনযুদ্ধ) পার্টির সদস্য বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে উপজেলার চারাতলা গ্রামের মাঠ থেকে জিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।
“জিয়া পূর্ববাংলা কমিউনিস্ট (জনযুদ্ধ) পার্টির ‘ক্যাডার’। সম্ভবত প্রতিপক্ষের কারো হাতে খুন হয়েছে সে।”
হরিণাকুণ্ডুর শুরা গ্রামের আলেক জোয়ার্দ্দারের ছেলে জিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলেও জানান ওসি।
তিনি বলেন, জিয়ার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজির পাঁচটি মামলা রয়েছে থানায়।
শুক্রবার রাতের কোনো সময়ে জিয়াকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
