প্রধানমন্ত্রী যথেষ্ট ছাড় দিয়েছেন: ব্যারিস্টার রফিক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট ছাড় দিয়েছেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার রফিকুল হক।
শুক্রবার বিকালে কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, শুধু একদিক থেকে ছাড় দিলে হবে না, দুদিক থেকেই ছাড় দিতে হবে। সর্বদলীয় সরকারের কথা বলে প্রধানমন্ত্রী যথেষ্ট ছাড় দিয়েছেন।
প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের কথা বলেছেন। আর বিরোধী দলীয় নেত্রী বলেছেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা। সমাধান অনেকদূর এগিয়েছে।
আর যেটুকু সময় আছে তাতে বাকিটুকুও এগুবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া গ্রামে জামিলা আক্তার খাতুন ট্রাস্টের উদ্যোগে বৃদ্ধাশ্রম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. জিল্লুর রহমান, পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব উদ্দিন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. জালাল উদ্দিন ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সানজিদা রহমান।
প্রায় এক একর জমির উপর এই বৃদ্ধাশ্রমটি নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
