বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ড, প্রতিবাদে হরতাল
নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে শুক্রবার সকালে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী তাৎক্ষণিক সমাবেশ করে উপজেলা শহরে সকাল-সন্ধ্যা হরতাল শুরু করে। স্থানীয় বিদুৎ অফিস ভাংচুরও করে এলাকাবাসী।
উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আইয়ুব আলী জানান, সকাল সাড়ে ৭টায় ডোমার বাজারের স্টেশন সড়কে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ১১ হাজার কেভির একটি তার ছিঁড়ে পড়লে আগুন ধরে যায়।
এতে হাবিব ও আনসারী গার্মেন্টস এবং আরিফুল পান স্টোর নামে তিনটি দোকান পুড়ে যায়। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
আইয়ুব আলী বলেন, এ ঘটনার পর বিক্ষুদ্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী তাৎক্ষণিকভাবে একটি সমাবেশ করে তখন থেকেই সকাল-সন্ধ্যা হরতাল শুরু করে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ডোমারে বিদ্যুৎ সংযোগের সব তার খুবই পুরাতন। তাই এই তার ছিঁড়ে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডোমারের আবাসিক প্রকৌশলী মনোরঞ্জন রায় বলেন, শর্ট সার্কিট অথবা ওভার কারেন্টের কারণে তারটি ছিঁড়ে গিয়ে থাকতে পারে।
তিনি বলেন, “শর্ট সাকিট অথবা ওভার ভোল্টেজ হলে সাব স্টেশনে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার কথা। কিন্তু ডোমার সাব স্টেশনে পুরনো মেশিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ না হওয়ায় এমন দুর্ঘটনা ঘটছে।”
বিদুৎ অফিস ভাংচুরের ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান।
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম সিদ্দিকী জানান, বিদ্যুতের তার ছিঁড়ে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
