২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তরুণ তুমি বেপথু হয়ো না’

জীবন ও সামাজে মাদকের ভয়ঙ্কর প্রভাবের কথা তুলে ধরে যুব সমাজকে আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 12:37 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

এ বিষয়ে সচেতনতা তৈরিতে অভিভাবক, শিক্ষক, ইমামসহ সবাইকে উদ্যোগী হওয়ারও তাগিদ দিয়েছেন তিনি। 

শুক্রবার জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “যুব সমাজ আমাদের মূল শক্তি। তারাই পারবে দেশকে এগিয়ে নিতে। আমাদের সচেতন থাকতে হবে- তারা যেন বিপথে না যায়।”

ওসমানী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাদকের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, মাদকাসক্তি নিজের জীবন ধ্বংস করে দেয়, পরিবারকেও ধ্বংস করে।

“যুব সমাজকে আবেদন জানাব, যেনো মাদকাসক্তি থেকে দূরে থাকে।”

এ ব্যাপারে সচেতনতা তৈরির দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মসজিদের বয়ানে ইমামরা যেন মাদকের বিরুদ্ধে সচেতনাতা গড়ে তোলেন… শিক্ষকদের কাছে আবেদন, শুধু পড়ালেই হবে না। মাদকাসক্তির বিরুদ্ধে ছাত্রদের সচেতনত করতে হবে।”

সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি পরামর্শ দেন শেখ হাসিনা। 

“অভিভাবকদের বুঝতে হবে- সন্তানদের একেক সময় মনের একেক রকম বিকাশ ঘটে। তাদের সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে। তাদের কি দরকার- তাও বুঝতে হবে।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ জয়ের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, “এটাও আমাদের যুব সমাজের কর্মস্পৃহা। ইনশাল্লাহ, একদিন আমরা বিশ্বকাপ জয় করব।”

ক্রিকেটে জয়ের পাশাপাশি বাংলাদেশ দারিদ্র্যকেও জয় করবে বলে আশাবাদ ঝরে প্রধানমন্ত্রীর কণ্ঠে।