খুলনায় বিথার হত্যা মামলার আসামি খুন
নগরীর শেখপাড়া বাজারে বুধবার রাতে পুলিশের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রানা ওরফে ট্যারা রানা (৪০) সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১২নং রোডের আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ জানায়, তিনি খুলনা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলার আসামি ছিলেন।
এ হামলায় আরেকজন আহত হয়েছে। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, রাত ১১টার দিকে শেখপাড়া বাজারে সংরক্ষিত কাউন্সিলর মাহমদা বেগমের অফিসের সামনে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রানাকে কুপিয়ে চলে যায়।
এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রানার মাথা, মুখ ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলার আসামি ছিলেন রানা। এটিসহ তার বিরুদ্ধে ১৩টি মামলা ও ৬টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
