রাজশাহী সীমান্তে ৩ কৃষক অপহৃত
রাজশাহীর চারঘাট উপজেলার সীমান্তে তিন কৃষককে ‘ভারতীয় সন্ত্রাসীরা’ অপহরণ করেছে বলে জানিয়েছে বিজিবি।
বুধবার বিকালে উপজেলার মোক্তারপুর এলাকার পদ্মার চরে ঘাস কাটতে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায় তারা।
অপহৃত কৃষকরা হলেন ওই এলাকার রহিম উদ্দিনের ছেলে আব্দুল হানিফ (৩০), জলিল উদ্দিনের ছেলে জাবেদ আলী (২৮) ও রুহুল আলীর ছেলে রুবেল আলী (৩০)।
এ ঘটনায় আহত শুকরান জানান, তাদের হাত থেকে পালানোর জন্য দৌড় দিলে সন্ত্রাসীরা পেছন থেকে হাসুয়া দিয়ে কোপ দেয়।
আহত কৃষকের বরাত দিয়ে বিজিবি-র চারঘাট বিওপির কোম্পানী কমান্ডর ইউনুছ আলী বলেন, পাঁচ বাংলাদেশি কৃষক পদ্মার চরে ঘাস কাটতে যায়।
“তবে সন্ধ্যা ৬টার দিকে সেখান থেকে ফজলুল হক (৪০) ও শুকরন আলী নামের দুইজন আহত অবস্থায় পালিয়ে এসে আমাদেরকে ঘটনাটি জানায়। তারা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে।”
এদের মধ্যে শুকরানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইউসুবপুর এলাকায় পতাকা বৈঠক হতে পারে।
