২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাস জমি নিয়ে সিলেটে সংঘর্ষে আহত ৫০

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় খাস জমি দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 05:15 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

সংঘর্ষের কারণে সিলেট-ভোলাগঞ্জ সড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বুধবার সকাল ৯টায় উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের কাটাখাল এলাকায় বর্ণি গ্রামবাসীর সাথে সাবেক ইউপি সদস্য আবদুল খালিক ও উপজেলা যুবদলের সভাপতি আলী আকবরের লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে।

আহতদের মধ্যে রয়েছেন বর্ণি গ্রামের সমসুল (৪৫), ময়না মিয়া (৪৪), আনফর আলী (৭০), সানুর মিয়া (২৬), জিয়া উদ্দিন (২২), গোলাম মিয়া (৭০), ফারুক আহমদ (৩৫), জয়নাল (২৬), উকুল আলী (২০), মনফর মিয়া (৩২), আলী হোসেন (৪০)। অন্য আহতদের পরিচয় জানা যায়নি।

এদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সালেহ উদ্দিন আহমদ জানান, খাস জায়গা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।  এতে ৫০ জনের মতো আহত হয়েছে।

“খবর পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট-ভোলাগঞ্জ সড়কের পাশে দক্ষিণ রণিখাই ইউনিয়নের কাটাখাল এলাকায় বেশ কিছু খাস জমি বর্ণি গ্রামবাসী ভোগ করতো।

তবে গত কয়েক বছর ধরে জায়গাটি কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল সভাপতি আলী আকবর ও সাবেক ইউপি সদস্য আবদুল খালিকের নেতৃত্বে একদল প্রভাবশালী দখল করে পাথর মজুদের জন্য ব্যবসায়ীদের ভাড়া দেয়।

বুধবার সকাল ৭টায় খাস জায়গাটি ফের দখলে নিতে বর্ণি গ্রামের সহস্রাধিক লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কাটাখাল এলাকায় সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

সকাল ৯টার দিকে আলী আকবর ও আবদুল খালিকের নেতৃত্বে পাঁচ শতাধিক লোক সেখানে গেলে সংঘর্ষ বাধে।

ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।

পরে কোম্পানীগঞ্জ থানার এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।