২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যুবলীগ কর্মী খুন, আটক ৫

পাবনায় যুবলীগের সংঘর্ষে এক কর্মী নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বুধবার ঘটনার পরপরই সদর উপজেলার কাচারিপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনায় জড়িত সন্দেহে সুমন (২৭), সাগর (২৮), বিপুল (২৮), রুবেল (২৬) ও রনিকে (২৮) আটক করা হয়। এদের সবার বাড়ি শহরের বাংলা বাজার এলাকায়।

আটকদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “তারা সকলেই ক্ষমতাসীন দলের কর্মী।”

ওসি আরো জানান, বেলা ১২টার দিকে কাচারিপাড়ার সাহারা ক্লাবের সামনে যুবলীগকর্মী গেদা বাবু (৩৮) ও নয়নকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

তাদের উ্দ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গেদার মৃত্যু হয়। তিনি শহরের মণ্ডলপাড়ার আবেদ আলীর ছেলে।

গত ১৫ অগাস্ট শোক মিছিল চলাকালে দলীয় অন্তর্কোন্দলে যুবলীগ কর্মী ইমন নিহত হয়। সকালে এই মামলায় আদালেতে হাজিরা দিয়ে ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলেন গেদা ও নয়ন।