মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ১৬৫৮ কোটি টাকা
মাধ্যমিক শিক্ষার সংস্কার এবং এর গুণগত মান উন্নয়নে এক হাজার ৬৫৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্পসহ চার হাজার ২৫৩ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ প্রকল্পের কার্যক্রম ১০ বছর মেয়াদি জাতীয় শিক্ষানীতির (জুলাই ২০১৩-ডিসেম্বর ২০২৩) আলোকে বাস্তবায়িত হবে।
প্রকল্পটির কার্যপত্রে বলা হয়েছে, প্রকল্পে মাধ্যমিক শিক্ষা খাতে ব্যবস্থাপনার মানোন্নয়ন, কারিকুলাম পরিমার্জন, অবকাঠামো উন্নয়ন, আইসিটি বেইজড টিচিং ও লার্নিং প্রোগ্রাম, দরিদ্র ও অনগ্রসরদের বৃত্তির ব্যবস্থাসহ বেশ কিছু কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া প্রকল্পে সরকারি-বেসরকারি পর্যায়ের শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষা প্রশাসকদের জন্য স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে এই প্রকল্পের আওতায়।
জানুয়ারি ২০১৪ থেকে চার বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের জন্য এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) কাছ থেকে ৭২০ কোটি টাকা পাওয়া যাবে।
সভায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন লালবাগ, বাসাবো, মানিকনগর, বংশাল, জুরাইন এবং নারায়ণগঞ্জ পূর্ব- এই ছয়টি কাস্টমার সার্ভিস ডিভিশনে পাইলট আকারে বিদ্যুতের প্রি-পেইড মিটারিং চালুর লক্ষ্যে অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়।
প্রকল্পটির মাধ্যমে ১ লাখ ৪৪ হাজার ৫০০টি প্রি-পেইড মিটার স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে ঢাকা ও নারায়নগঞ্জের সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুতের শতভাগ রাজস্ব আদায়ের পাশাপাশি গ্রাহক সেবার মানের উন্নয়ন হবে।
২০১৩ সালের জুলাই থেকে ২০১৫ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৭৩ কোটি টাকা। এর মধ্যে ৯১ কোটি টাকা জার্মান ঋণ সহায়তা হিসেবে পাওয়া যাবে।
সভা শেষে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হেদায়েতুল্লাহ আল মামুন অনুমোদিত প্রকল্পসমূহের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন করা হয়। এতে প্রায় চার হাজার ২৫৩ কোটি টাকা ব্যয় হবে। এই ব্যয়ের তিন হাজার ১২৩ কোটি টাকা সরকারি তহবিল থেকে জোগান দেয়া হবে। বাকি এক হাজার ১৩০ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অন্যান্য মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হল-
যশোর বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ (১৭২ কোটি টাকা), তথ্য ভবন নির্মাণ (৬১ কোটি টাকা), উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্প (১৭২ কোটি টাকা), চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (১১০ কোটি টাকা), যশোর জেলাধীন ভবদহ এবং তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (১১৬ কোটি টাকা), ১.০৫ লাখ টন ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন খাদ্য গুদাম নির্মাণ (৩৬৯ কোটি টাকা)।
এছাড়া ১০টি ব্রডগেজ (বিজি) ডিজেল ইলেকট্রিক (ডি,ই) লোকোমোটিভ সংগ্রহ প্রকল্প (৩২৮ কোটি টাকা), দেশের গুরুত্বপূর্ণ ৭৮টি (সংশোধিত-৮২টি) উপজেলা সদর/স্থান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্প (২৭৭ কোটি টাকা), নওগাঁ-বদলগাজী-পত্নীতলা সড়ক উন্নয়ন এবং মহাদেবপুর ও বদলগাজী ব্রীজ নির্মাণ প্রকল্প (৬৬ কোটি টাকা), পল্লী ও শহর এলাকায় গভীর তলদেশ থেকে পানি অনুসন্ধান ও উন্নয়ন প্রকল্প (১০৪ কোটি টাকা) অনুমোদন পেয়েছে।
অন্যগুলোর মধ্যে অনুমোদন দেয়া হয়েছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন কলাপাড়া-বালিয়াতলী-গঙ্গামতি সড়কে বড় বালিয়াতলী আন্ধারমানিক নদীতে ৬৬৮ মি দীর্ঘ আরসিসি ডেকযুক্ত সেতু নির্মাণ প্রকল্প (১২৫ কোটি টাকা-জিওবি), খুলনা জেলার ভুতিয়ার বিল এবং বর্ণাল-সলিমপুর-কোলাবাসুখালী বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্প (২৮২ কোটি টাকা) এবং ২৪০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ৪-লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ প্রকল্প।
