‘বিচার নস্যাতে বিচার বিভাগে হামলা’
যুদ্ধাপরাধ ও দুর্নীতির বিচার নস্যাৎ করতেই বিচার বিভাগের ওপর হামলা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মঙ্গলবার আইনজীবীদের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সরকার সমর্থক আইনজীবী জোট ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের’ একাংশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে এই সমাবেশের আয়োজন করে।
মাহবুবে আলম বলেন, “সুপ্রিম কোর্টের বিচারপতি ও ট্রাইব্যুনালের প্রসিকিউটরের বাড়িতে, নিম্ন আদালতে বোমা হামলা হচ্ছে। এর কারণ হচ্ছে, যুদ্ধাপরাধী ও বিএনপির নেত্রীর দুই ছেলের বিরুদ্ধে দায়ের করা অর্থ পাচারকারীদের মামলাগুলো নস্যাৎ করা। আর এ জন্য বিচার বিভাগের ওপর সুনির্দিষ্টভাবে হামলা করা হচ্ছে। এ ধরনেরর হামলা করে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।”
আব্দুল আলীমের রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
পরিষদের একাংশের আহবায়ক আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের আইন সম্পাদক ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এএম আমিন উদ্দিন, বশির আহমেদ।
সভা সঞ্চালনা করেন সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম।
এদিকে হরতালের সমর্থনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল ও সভা করেছেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা।
দুপুরে মিছিল শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সভা করেন তারা। সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।
