আখাউড়ায় ১৪৪ ধারা জারি
হরতালের মধ্যেই একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ ডাকায় আখাউড়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ জারি থকাবে বলে উপজেলা প্রশাসন জানায়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খুরশিদ শাহরিয়র জানান, দুদল একই সময়ে সড়ক বাজারে সমাবেশ ডাকায় আইনশৃংখলা পরিস্থিতির কথা বিবেচনা করে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে, বলেন ইউএনও।
এদিকে হরতালের তৃতীয় দিন মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পেছনে রেললাইনের স্লিপারে আগুন দেয় হরতাল সমর্থকরা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে চলাচলে কোনো সমস্যা হয়নি।
অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় শহরের অন্তত ৪১টি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
