ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ৩
ঠাকুরগাঁওয়ে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক নারীসহ তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত তিন শ্রমিক, যাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের কাছে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের কাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফয়সল মাহামুদ জানান।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও রোডের বাসিন্দা সমেশ চন্দ্র (৩০), কপিলা (৪৫) ও পশিরুল ইসলাম (৫০)।
নিহতদের সহকর্মীরা জানান, ওই এলাকায় আলাউদ্দীনের হাসকিং মিলে ধান সিদ্ধ করার সময় হঠাৎ বয়লারটি বিকট শব্দে উড়ে গিয়ে প্রায় একশ’ মিটার পশ্চিমে অবস্থিত আব্দুল মতিনের মিলে গিয়ে পড়ে বিস্ফোরিত হয়।
হরতালে দায়িত্বরত পুলিশ ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
মিল মালিক আলাউদ্দীন বলেন, “শ্রমিকদের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। হয়তো বাষ্প নির্গমণ নলটি তারা খুলে দেয়নি।”
হাসপাতালের চিকিৎসক আব্দুল জব্বার জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৬৫ শতাংশ ঝলসে গেছে।
