রাতে খালেদার ‘জরুরি’ বৈঠক
দুই নেত্রীর সংলাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যে তিন দিনের হরতাল শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বসছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, স্থায়ী কমিটির বৈঠকের পরদিন ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গেও বসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা।
বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে ওই বৈঠক হবে।
রিজভী বলেন, “চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি এবং গত শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার টেলিফোন সংলাপের বিষয়ে আলোচনা করতেই এ জরুরি বৈঠক ডেকেছেন বিরোধী দলীয় নেতা।”
সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হবে এবং ওই সময় পর্যন্ত সংসদ বহাল থাকবে, দেশ চলবে বর্তমান সরকারের অধীনেই।
এ বিষয়ে আপত্তি তুলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসছে বিরোধী দল বিএনপি। নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার থাকা নিয়েও তাদের আপত্তি।
এ নিয়ে রাজনৈতিক সংঘাতের আশঙ্কার মধ্যে গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী। দুই দিন পর প্রধানমন্ত্রীর প্রস্তাব নাকচ করে সাবেক উপদেষ্টাদের নিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পাল্টা প্রস্তাব তোলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
গত ২২ অক্টোবর বিএনপির পক্ষ থেকে ওই প্রস্তাবের বিষয়ে আলোচনার জন্য আওয়ামী লীগকে চিঠি দেয়া হয়। পরদিন সংসদে গিয়ে বিএনপির সাংসদরা ওই প্রস্তাব পড়ে শুনিয়ে প্রধানমন্ত্রীকে আবারো আলোচনার উদ্যোগ নিতে বলেন।
এরপর গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের জনসভা থেকে আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রীকে দুই দিন সময় বেঁধে দেন খালেদা। এর মধ্যে উদ্যোগ না নিলে রোববার থেকে টানা ৬০ ঘণ্টার হরতালের ডাক দেন।
ওই সময় শেষ হওয়ার আগেই শনিবার টেলিফোনে কথা হয় দুই নেত্রীর মধ্যে। প্রধানমন্ত্রী সোমবার গণভবনে বসার আমন্ত্রণ জানান বিরোধী দলীয় নেতাকে। হরতাল প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।
কিন্তু বিএনপি চেয়ারপার্সনের পক্ষ থেকে বলা হয়, হরতাল প্রত্যাহার করা সম্ভব নয়। হরতাল শেষে বিরোধী দলীয় নেতা আমন্ত্রণ গ্রহণ করতে প্রস্তুত।
এই রাজনৈতিক সঙ্কটের মুখে সমঝোতার উদ্যোগ নিয়েছে বামপন্থী দুই দল সিপিবি ও বাসদ।
এ দুই দলের নেতারা মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসছেন। তারা বিরোধীদলীয় নেতার সঙ্গে বসবেন বুধবার সন্ধ্যায় সাড়ে ৭টায়।
