খোকার বাড়িতেও ‘গুলিবর্ষণ’
বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালামের বাড়ির পর সভাপতি সাদেক হোসেন খোকার বাড়িতেও গুলিবর্ষণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিরোধী দলের হরতালে বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের মধ্যে সোমবার রাতে বিএনপির ঢাকার দুই নেতার বাড়িতে গুলিবর্ষণ হয় বলে তাদের সহকারীরা জানিয়েছেন।
ঢাকার সাবেক মেয়র খোকার গোপীবাগের বাড়িতে গুলিবর্ষণ হয় বলে অভিযোগ পাওয়া গেছে, তবে তিনি তখন ওই বাড়িতে ছিলেন না।
বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি খোকার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত পৌনে ১টার দিকে পাঁচটি মোটর সাইকেলে একদল যুবক এসে বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।”
এলাকাবাসী তৎপর হয়ে ওঠার পর হামলাকারীরা পালিয়ে যায় বলে তিনি জানান।
এর আগে রাত ৯টার দিকে বিএনপি নেতা সালামের শান্তিনগরের বাসায় গুলিবর্ষণ হয় বলে তার ব্যক্তিগত কর্মকর্তা শওকত হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকজন যুবক বাসার মূল ফটক ভেঙে বাড়ির আঙিনায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে।”
এতে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে গেলেও কেউ আহত হয়নি বলে জানান শওকত।
এবিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।”
রাত সাড়ে ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাড়ি লক্ষ্য করেও গুলিবর্ষণ হয় বলে দলীয় নেতারা জানিয়েছেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে দুই দলের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ১৮ দলের এই হরতালের আগের দিন থেকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, হাছান মাহমুদসহ কয়েকজন সংসদ সদস্যের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
বোমা ছোড়া হয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটার গোলাম আরিফ টিপু, প্রসিকিউটার তুরিন আফরোজের বাড়িতেও।
