২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার বাড়িতে ফের পুলিশ

সরকারি দলের হামলা মোকাবেলায় কর্মীদের সশস্ত্র প্রস্তুতি নিতে নির্দেশ দেয়ার পর দ্বিতীয় দফায় সাদেক হোসেন খোকার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

ঢাকা মহানগর বিএনপির নেতা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (মঙ্গলবার) দুপুরে সাদেক হোসেনের গোপীবাগের বাড়িতে যায় একদল পুলিশ। তারা তল্লাশি চালায় এবং বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করে।”

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক খোকা ওই বাড়িতে ছিলেন না। এর আগে সোমবার রাতে খোকার গুলশানের বাড়িতে পুলিশ তল্লাশি চালায় বলে বিএনপি অভিযোগ করেছে।

ঢাকার সাবেক মেয়র খোকা গুলশানের বাড়িতে থাকলেও অভিযানের সময় ছিলেন না বলে সোমবার মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে জানান বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

“ওই সময়ে তাদের (পুলিশ) যে রকম চণ্ডমূর্তি দেখা গেছে, তিনি (খোকা) থাকলে গ্রেপ্তার হতেন,” বলেন রিজভী।

খোকার ভাই আনোয়ার হোসেন উজ্জল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিবি পুলিশের পোশাক পরা ২৫ থেকে ৩০ জনের একটি দল বিএনপি নেতার বাসায় যায়।

“বাসার নিরাপত্তাকর্মী হোসেন আলীকে নিয়ে তিন তলা বাড়ির পুরোটা ঘুরে দেখে তারা। অভিযান চলার সময় মতিঝিল থানা পুলিশের কিছু সদস্যও তাদের সঙ্গে যোগ দেয়।”

উজ্জলের বাড়ির নিরাপত্তাকর্মী রুবেল জানান, পুলিশ তাকেও খোকার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে।

বিএনপির সহসভাপতি খোকা সোমবার বিকালে দলের এক সভায় ২৫ অক্টোবর সরকারি দলের যে কোনো হামলা মোকাবেলায় দলীয় কর্মীদের দা-কুড়াল নিয়ে প্রস্তত থাকতে বলেন।

“পাড়ায়-মহল্লায় নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা চালালে তার পাল্টা জবাব দেয়া হবে। দা-কুড়াল-বল্লম-খন্তা-লাঠিসোঁটাসহ যা কিছু আছে, তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

রিজভী বলেন, “সাদেক হোসেন খোকা এই সরকারের বিরুদ্ধে শক্তভাবে কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন। এজন্য তিনি আজ তাদের রোষাণলে পড়েছেন।”

নির্দলীয় সরকার দাবির আন্দোলন দমনে সরকার বিরোধীদলীয় নেতাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করছে বিএনপি।

তিনি বলেন, সরকার আগামী ২৫ অক্টোবর বিএনপির সভা পণ্ড করতে নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে কর্মীদের মনে ভয় ধরাতে চাইছে।

 “তবে কোনো ভয়ভীতিতে কাজ হবে না। ২৫ তারিখের জনসভায় মানুষ পদাতিকের মতো ভূমিকা পালন করবে। তারা গণতন্ত্রের ভাষা ধারণ করে এই জনসভায় যোগ দেবে।”

পুরনো খবর:

খোকার বাড়িতে পুলিশের ‘হানা’
দা-কুড়াল নিয়ে প্রস্তুত থাকুন: খোকা