২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুপুরে বুধবার হরতাল

টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদুল ইসলাম সরকারসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে দলটি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 09:20 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

সোমবার দুপুরে হরতালের মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে কেন্দ্রীয় বিএনপি নেতা ফকির মাহবুব আনাম স্বপন এ ঘোষণা দেন।

নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকার ও এনিয়ে সংলাপের উদ্যোগ নেয়ার দাবিতে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশ থেকে ৬০ ঘণ্টার হরতালের ডাক দেয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ওই হরতাল শেষ হবে।

গত ১৫ অগাস্ট উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় মধুপুর থানায় পুলিশের দায়ের করা মামলায় মেয়র সহিদুলসহ প্রায় ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সোমবার হরতালে পিকেটিং করার সময় মির্জাপুর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কালাম আজাদের অনুসারী ও তার প্রতিপক্ষ ফিরোজ হায়দারের অনুসারীদের মধ্যে সংঘর্ষে আব্দুল আলিম নামের এক বিএনপি কর্মী নিহত হন।