২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান রি-ইন্স্যুরেন্স কর্পোরেশন অধ্যাদেশ সংস্কারের উদ্যোগ

সামরিক শাসনামলে জারি করা ‘এশিয়ান রি-ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্ডিন্যান্স-১৯৭৮’ বাতিল করে নতুন আইনের প্রস্তাব সংসদে উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 01:31 AM

Updated : 23 Aug 2022, 07:10 PM

রোববার জাতীয় সংসদে ‘এশিয়ান রি-ইন্স্যুরেন্স কর্পোরেশন বিল-২০১৩’ সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী।

পরে সাত দিনের মধ্যে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সামরিক শাসনামলে নেওয়া বিভিন্ন অধ্যাদেশ পরিবর্তন ও বাতিল করার কাজ শুরু হয়।

এশিয়ান রি-ইন্স্যুরেন্স কর্পোরেশন একটি আন্ত:দেশীয় প্রতিষ্ঠান যা ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান, চীন, ভারত, ইরান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া শ্রীলংকা ও থাইল্যাণ্ড এর সদস্য।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, “এশিয়ান রি-ইন্স্যুরেন্স কর্পোরেশনের মূল উদ্দেশ্য হলো এ অঞ্চলের দ্রুত বর্ধনশীল পুনঃবীমা চাহিদা মিটানো এবং পুনঃবীমা ধারণ ক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার বহির্গমন কমিয়ে আনা।

প্রতিষ্ঠানটি সদস্য দেশের মধ্যে একদিকে যেমন পুনঃবীমা ঝুঁকি গ্রহণের মাধ্যমে আর্থিক নিরাপত্তা বিধান করবে অন্যদিকে বিনিয়োগযোগ্য তহবিল সৃষ্টিতেও ভূমিকা রাখবে। এটি অঞ্চলের বীমা বিষয়ক একটি তথ্যকেন্দ্র যা বীমা ও পুনঃবীমার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

মন্ত্রী বলেন, ১০টি সদস্য দেশের প্রত্যেকে এক হাজার মার্কিন ডলার মূল্যমানের ৫০০টি শেয়ার গ্রহণ করে মোট পাঁচ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটি একটি আন্তঃদেশীয় পুনঃবীমা প্রতিষ্ঠান হওয়ায় চুক্তি অনুযায়ী প্রতি সদস্য দেশের কিছু দায়-দায়িত্ব বর্তায়।

ফলে প্রতিষ্ঠানটি কার‌্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রতিটি দেশ থেকে কিছু ইম্যুনিটি সুবিধা ভোগ করছে।

সে পরিপ্রেক্ষিতে ১৯৭৮ সালে ‘এশিয়ান রি-ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্ডিন্যান্স জারি করা হয়। বাংলাদেশের পক্ষে সাধারণ বীমা কর্পোরেশন এর সব অর্থের যোগান দেয়।