২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার দুই মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

দুর্নীতির অভিযোগের দুটি মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে আগামী ৮ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করেছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 01:29 AM

Updated : 23 Aug 2022, 07:10 PM

শুনানির নির্ধারিত দিন রোববার বিএনপির ডাকা হরতালের মধ্যে খালেদা জিয়ার অনুপস্থিত থাকায় সময়ের আবেদন করেন তার আইনজীবীরা।

সময়ের আবেদনে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, “খালেদা জিয়া একজন সংসদ সদস্য। সংসদ অধিবেশন চলার কারণে তিনি আদালতে আসতে পারেননি।”

সংসদের অধিবেশন গত ২৩ অক্টোবর থেকে চললেও বিরোধীদলীয় নেতাকে এর মধ্যে সংসদে দেখা যায়নি। রোববারও তিনি সংসদে ছিলেন না।

আসামি পক্ষের সময়ের আবেদনের বিরোধিতা করে মামলা দায়েরকারী দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, “আসামি বারবার সময় আবেদন করে মামলার বিচার বিলম্বিত করছেন। প্রত্যেক ধার্য তারিখে বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন তারা।”

শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক মো. মোতাহার হোসেন জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুটি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার অন্য দুই আসামি বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান এদিন আদালতে ছিলেন।  

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আসামি মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ আদালতে উপস্থিত ছিলেন।