‘১০ লাখ হেক্টর জমি লবণাক্ততায় আক্রান্ত’
দেশে ১০ লাখ ৫৬ হাজার হেক্টর লবণাক্ত জমি রয়েছে বলে সংসদকে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন বসে।
সাধনা হালদারের তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ১৯৭৩ সালে দেশে লবণাক্ততায় আক্রান্ত জমি ছিল ৮ দশমিক ৩৩ লাখ হেক্টর। ২০০০ সালের মধ্যে তা বেড়ে ১০ দশমিক ২০ লাখ হেক্টরে দাঁড়ায়। বর্তমানে তা আরো বেড়ে ১০ দশমিক ৫৬ লাখ হেক্টরে দাঁড়িয়েছে।
২০০০ সাল থেকে এখন পর্যন্ত শূন্য দশমিক ৩৯ শতাংশ জমি নতুন করে লবণাক্ততায় আক্রান্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, দেশে ২০১২-১৩ অর্থবছরে ১২ দশমিক ৫৫ লাখ মেট্রিক টন গম ও ২১ দশমিক ৭৮ লাখ মেট্রিক টন ভুট্টা ও ৭ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন ডাল উৎপাদিত হয়েছে।
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগে ৪ হাজার সনদ ‘ভুয়া’
এদিকে দেশে বর্তমানে এক লাখ ৭৯ হাজার ৬৮১ জন সনদধারী মুক্তিযোদ্ধা রয়েছে বলে সংসদকে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।
নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের আগে মুক্তিযোদ্ধাদের সনদ যাচাই করা হয়। গত ৩১ আগস্ট পর্যন্ত ২৭ হাজার ৬৩৯টি সনদ যাচাই করা হয়েছে; যার রমধ্যে ২৩ হাজার ৫১১টি সনদ সঠিক ছিল।
বাকি চার হাজার ১২৮টি সনদ সঠিক নয় বলে অপ্রত্যায়িত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
খালেদার বাসভবন সরিয়ে নতুন ভবন
হাফিজ উদ্দিন আহম্মেদের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার জানান, ঢাকা সেনানিবাস এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন সরিয়ে ওই জমিতে ১৫৪ কোটি ৩১ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে তিনটি ভবন নির্মাণ করা হয়েছে।
ভবনগুলোতে ১৫৬ জন সেনাবাহিনীর সদস্য বসবাস করতে পারবে বলেও জানান তিনি।
খাস জমি ১৮ লাখ একর
এ বি এম আশরাফ উদ্দিনের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা জানান, বর্তমানে দেশে ১৮ লাখ ২৩ হাজার ৯৪ একর জমি খাস রয়েছে। এর মধ্যে বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমাণ ৪ লাখ ২৬ হাজার ১৪৭ একর।
