২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রমাণ হয়েছে তিনি রাজাকারদের পৃষ্ঠপোষক’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সমালোচনা করে খালেদা জিয়ার রাজবন্দিদের মুক্তি দেয়ার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 06:11 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়েল মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের হয়ে ক্যম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যে শেষ হয়।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সংগ্রাম পরিষদের সমন্বয়ক এইচ এম বদিউজজ্জামান বলেন, খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী, রাজাকার ও আলবদরদের নিয়ে ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যানে সমাবেশ করে প্রমাণ করেছেন তিনি ৭১’র স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক।

“এর মাধ্যমে বাঙালি জাতিকে অপমান করা হয়েছে। একই সাথে তাদের মুক্তি দাবি করে পুরো বাঙালি জাতির মাথা হেট করেছেন।”

গত ২৫ অক্টোবর ১৮ দলীয় জোটের সমাবেশে খালেদা জিয়া বলেন, তার দল ক্ষমতা গেলে সকল ‘রাজবন্দিদের’ মুক্তি দেয়া হবে। সমাবেশে উপস্থিত জোটের শরিক জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ও অভিযুক্ত সব নেতাকে মুক্তির দাবি জানায়।

সংগ্রাম পরিষদের এই সমন্বয়ক বলেন, খালেদা জিয়াকে ফোন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের ইতিহাসেই নয় বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

“কিন্তু তারা শর্ত পূরণ না করে হাস্যকর রাজনৈতিক দলে পরিণত হয়েছে।”

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে খালেদা জিয়া সংলাপের উদ্যোগ গ্রহণে সরকারকে একদিনের আল্টিমেটাম দিয়ে ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

এর পরদিন শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রীকে টেলিফোন করে আলোচনার আহ্বান জানান। পাশাপাশি হরতাল প্রত্যাহারের অনুরোধও জানান তিনি।

তবে খালেদা জিয়া তাদের কর্মসূচিতে অনড় থাকার কথা জানিয়ে দেন।

ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, যে উদ্যান মুক্তিযুদ্ধের চেতনার এক আমোঘ ইতিহাস, সেখানে জামাত-শিবিরের হায়নারা যে ধৃষ্টতা দেখিয়েছে, তা একইসঙ্গে বাঙালি জাতির জন্য এ এক লজ্জাজনক ঘটনা।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় সমাবেশে ঢাবি জাসদ ছাত্রলীগ সভাপতি এহসানুল হক হাবিব, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু,  ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক নজরুল শিকদার, ছাত্র সমিতির আহ্বায়ক জাহিদুর রহমান খান, ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্যা, ঢাবি সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।