হাসপাতালগামী যাত্রীদের নামিয়ে অটোরিকশায় আগুন
বিএনপি নেতৃত্বাধীন ১৮ জোটের হরতালের প্রথম দিনে চট্টগ্রামে হাসপাতালগামী যাত্রীদের নামিয়ে দিয়ে একটি অটোরিকশায় আগুন দিয়েছে পিকেটাররা।
রোববার বেলা পৌনে ১২টার দিকে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে পশ্চিম পাশের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী সুমন বাবু।
তিনি জানান, পাহাড়তলি থেকে ওই অটোরিকশায় করে অন্তঃসত্ত্বা এক নারীকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন তার স্বজনরা। পথে পিকেটাররা তাদের গাড়ি থেকে নামিয়ে দেয় এবং অটোরিকশায় অগ্নিসংযোগ করে।
ওই অটোরিকশার আরোহী নাহিদা খানম কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়িতে রোগী আছে বলার পরও তারা কোনো কথা শোনেনি।”
আগুন দেয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এলে পিকেটাররা পালিয়ে যায়।
পরে সেই নারীকে একটি রিকশায় চড়িয়ে হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ সতর্ক রয়েছে। হরতাল সমর্থকরা মিছিল সমাবেশ করেছে। তবে নগরীর কোথাও বড় কোনো গোলযোগ ঘটেনি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ৭টার দিকে নগরীর মেহেদীবাগ এলাকা থেকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়।
পরে মিছিলে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার ও নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহদাত।
মিছিলটি কাজীর দেউড়ি, স্টেশন সড়ক হয়ে জিইসি মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে সমবেত হন।
বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকেও খণ্ড খণ্ড মিছিল এসে সেখানে জড়ো হয়। পরে সেখানে হরতালের পক্ষে সমাবেশ করেন নেতা-কর্মীরা।
হরতালে নগরীতে যান চলাচল ছিল তুলনামূলকভাবে কম। এ কারণে সকালে অফিসগামী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তবে প্রধান সড়কগুলো সারাদিনই ছিল রিকশার দখলে।
