জয়পুরহাটে দুই ট্রেনে ভাংচুর-আগুন, আহত ৫০
বিএনপি নেতৃত্বাধীন জোটের তিনদিনের হরতালের প্রথম দিনে জয়পুরহাটে দুটি ট্রেনে ভাংচুরের পর আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
আগুনে একটি ট্রেনের দুটি বগি পুড়ে গেছে এবং হরতালকারীদের ঢিলে দুই ট্রেনের অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন বলে জয়পুরহাট রেল স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান।
তিনি জানান, বেলা সাড়ে ১২টার দিকে জয়পুরহাট স্টেশন থেকে দুই মাইল দূরে পুরানপৈল এলকার চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইলে আগুন দেয় হরতাল সমর্থকরা।
“আগুনে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ পুড়ে য়ায়। আগুন দেয়ার আগে ট্রেনে ভাংচুর চালানো হয়। এ সময় অন্তত ৩০ যাত্রী আহত হন।”
আহতদের জয়পুরহাট সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে বলে সদর থানার ওসি আব্দুর রশিদ জানান।
তিনি বলেন, ব্যাব-পুলিশ ও বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছালে হরতাল সমর্থকরা পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।
এ আগে সকাল ১০টায় জয়পুরহাট স্টেশনে সৈয়দপুর থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসায় ভাংচুর চালিয়ে একটি বগিতে আগুন দেয় হরতালকারীরা।
স্টেশন মাস্টার নুরুল ইসলাম বলেন, “এসময় ইট-পাথরের আঘাতে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। স্থানীয়রাই ট্রেনের আগুন নিভিয়ে ফেলেন।”
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই রেল কর্মকর্তা।
