২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় বাসে আগুন, স্বাভাবিক বন্দরের কার্যক্রম

বিএনপিসহ ১৮ জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতাল শুরুর আগে বাগেরহাটের মংলায় একটি বাস আগুনে পুড়েছে। তা নেভাতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় এক নৈশপ্রহরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 12:18 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

অবশ্য হরতালের মধ্যেও স্বাভাবিক নিয়মেই চলছে মংলা বন্দরের কাজ।   

মংলা থানার ওসি আমিনুল ইসলাম জানান, রোববার ভোরের দিকে উপজেলা বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে।

আহত নৈশপ্রহরী মো. জয়নাল হাওলাদার জানান, তিনি  ওই বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছিলেন। ভোর ৪টার দিকে যখন বাসে আগুন দেয়া হয় তখন ভেতরে কেউ ছিলেন না।

“সেখানে গিয়ে দেখি বাসের সামনের গ্লাস ফেটে চৌচির, ভেতর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। আর কেউ না থাকায় আমি বাসের দরজা খুলে ভেতরে উঠে নেভানোর চেষ্টা করতে গেলে আমার বাঁ হাত আগুনে ঝলসে যায়। আগুনে বাসের অধিকাংশ সিট পুড়ে গেছে।”

পুলিশ কর্মকর্তা আমিনুল মনে করচেন, মশার কয়েল থেকে অসাবধনতাবশত ওই বাসে আগুন লেগে থাকতে পারে। তবে নৈশপ্রহরী জয়নালের ধারণা, হরতালকারীরা এসে ওই বাসে আগুন দিয়েছে।

ওসি বলেন, “বাসটিতে আগুন কীভাবে লাগলো তা তদন্ত করে দেখা হবে।” 

মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার খান মোহম্মদ আকতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরের কাজে হরতালের কোনো প্রভাব পড়েনি।

“বন্দরে বর্তমানে সার, ক্লিংকার ও গ্যাসবাহী মোট আটটি জাহাজ অবস্থান করছে। সকাল থেকে শ্রমিকরা জাহাজে পণ্য ওঠানামার কাজ চালিয়ে যাচ্ছে।”

সকালে বাগেরহাট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

হরতালের সমর্থনে সকালে বাগেরহাট-খুলনা সড়কের নতুনকোর্ট চত্বর থেকে দশানী ট্রাফিক মোড় পর্যন্ত এলাকায় বিক্ষোভ মিছিল করে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা।

বাগেরহাট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ওয়াহিদুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা জামায়াত ইসলামী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ওই মিছিলে অংশ নেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বাগেরহাট-খুলনা সড়কসহ বিভিন্ন স্থানে টহল চলছে।