২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ছেড়ে সংলাপে বসুন, খালেদাকে নাগরিক সমাজ

হরতাল তুলে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সংলাপের আমন্ত্রণ গ্রহণ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের নেতারা।

সুলাইমান নিলয়

ও ফয়জুল সিদ্দিকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 10:41 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠার মধ্যে শনিবার সন্ধ্যায় ফোনে হরতাল প্রত্যাহার করে বিরোধী দলীয় নেত্রীকে সোমবার গণভবনে আলোচনা ও নৈশভোজের আমন্ত্রণ জানান আওয়ামী লীগ সভানেত্রী।

আমন্ত্রণ প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের দাবি নীতিগতভাবে না মানলে হরতাল প্রত্যাহার করা হবে না জানিয়ে তারপর সংলাপের প্রস্তাব দেয় বিএনপি।

শেখ হাসিনার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিএনপি রাজনীতির খেলায় আবারো পিছিয়ে পড়লো বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবি ব্যারিস্টার রফিক-উল হক।

শনিবার সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের প্রস্তাব দিলেন। বিএনপি সেই প্রস্তাব গ্রহণ করলো না। এর মাধ্যমে প্রথম মাইনাসে পড়লো তারা।

“পরে প্রধানমন্ত্রী হরতাল প্রত্যাহার করে আলোচনার প্রস্তাব দিলেন। বিরোধী দল এটাও গ্রহণ করলো না। এর মাধ্যমে আবারো রাজনীতির খেলায় মাইনাসে পড়েছে বিএনপি।”

এটাকে আওয়ামী লীগের জন্য ‘প্লাস পয়েন্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন, “এবারো বিরোধী দলের উচিত ছিলো, হরতাল প্রত্যাহার করে আলোচনার প্রস্তাব গ্রহণ করা।”

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক পুলিশ প্রধান এএসএম শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধী দলীয় নেত্রীকে বলবো, হরতাল প্রত্যাহার করুন। নাশকতা হলে আলোচনার পরিবেশ বিঘ্নিত হবে। এ কারণে নাশকতার বিরুদ্ধে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। দেশকে শান্তিপূর্ণ রাখতে এটা করতেই হবে।

“জনগণের উদ্বেগ ও উৎণ্ঠার মধ্যে দুই নেত্রীর আলোচনার বিষয়ে আমরা এখনো আশাবাদী। তাদেরকে আমার অনুরোধ, আপনারা অবিলম্বে আলোচনায় বসুন। আপনারা যত তাড়াতাড়ি আলোচনায় বসবেন, দেশের জন্য ততই মঙ্গল।”

শেখ হাসিনার আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার সংগঠক সুলতানা কামাল।

দেশের স্বার্থে নমনীয়তা দেখানোকে রাজনীতির নৈতিকতা উল্লেখ করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “আমাদের প্রধানমন্ত্রীও তাই করলেন। বিরোধী দলের নেত্রীকে ফোন দিলেন, ডাকলেন এবং নিমন্ত্রণ জানালেন। কিন্তু তিনি তা আন্তরিকতার সাথে গ্রহণ করলেন না।

“একটা শান্তিপূর্ণ অবস্থার যে আবহ তৈরি হয়েছিল তা বিপরীতে চলে গেল। একটা হরতালের ঘোষণায় জ্বালাও-পোড়াও ঘটে, দৈনন্দিন জীবনে বাধা ঘটে। অথচ তিনি তা বহাল রাখলেন। এর মাধ্যমে তিনি জনগণের স্বার্থের প্রতি উদাসীনতা দেখালেন।”

তাই খালেদা জিয়ার দেশনেত্রী উপাধি তার কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানও বিরোধী দলীয় নেত্রীকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফোন করাকে ‘ভাল উদ্যোগ’ আখ্যা দিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিন্তু সমঝোতার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সমঝোতার জন্য দুপক্ষকেই যথাযথ পরিবেশ তৈরি এবং গঠনমূলক মনোভাব দেখাতে হবে।

“একদিকে মির্জা ফখরুল বলছেন- তাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করছে সরকার। অন্যদিকে বিরোধী দল হরতাল দিয়েছে। ফলে দুই পক্ষই সমঝোতার সুষ্ঠু পরিবেশের পক্ষে নয়। তাই আগে পরিবেশ সুষ্ঠু করতে হবে।”

ছাড় না দিয়ে সংলাপ করলে কিছুই হবে না উল্লেখ করে তিনি বলেন, দুই পক্ষকেই সুষ্ঠুভাবে সমঝোতার পথ খুঁজে নিতে হবে।

সাবেক এই সচিব বলেন, “তবে আমি সতর্কতার সাথে ব্যক্তিগতভাবে আশাবাদী যে তারা শেষ পর্যন্ত দেশের স্বার্থে একটি সমঝোতায় পৌঁছাবেন।”

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় খালেদা জিয়ার সংলাপের উদ্যোগ নিতে সরকারকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে রোববার থেকে তিনদিনের হরতালের ঘোষণা দেন।

এর পরদিন শনিবার বিএনপি চেয়ারপারসনকে টেলিফোন করে সংলাপের আমন্ত্রণ জানান আওয়ামী লীগ সভানেত্রী।শেখ হাসিনা হরতাল প্রত্যাহার করে সোমবার গণভবনে আলোচনা ও নৈশভোজের জন্য খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান।

পুরনো খবর:

হরতাল প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ, হতাশা