২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ, হতাশা

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলোচনার আমন্ত্রণ পাওয়ার পরও ১৮ দলীয় জোটের হরতাল প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কাজী শাহরিন ও ওয়াহেদ প্রীতম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 10:14 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

হরতালের মধ্যে সহিংসতার ঘটনায় দুই দলের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরো কমবে- এমন মন্তব্যও এসেছে।

তারা বলছেন, সংলাপের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীর টেলিফোন আলাপের পরও হরতাল পালন করার কোনো যৌক্তিকতা নেই।

একটি নিরীক্ষা ফার্মে কাজ করেন তন্ময় দেবনাথ। তার কাছে জানতে চাওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর টেলিফোন এবং এরপর বিরোধীদলের রাজনৈতিক অবস্থানকে তিনি কীভাবে দেখছেন। 

জবাবে তন্ময় বলেন, “যেহেতু প্রধানমন্ত্রী আলোচনায় বসতে চাইছেন, এরপর হরতাল অব্যাহত রাখার কোনো মানে হয় না। আমি আশঙ্কা করছি যে হরতালে সহিংসতা চলবে। সহিংসতা হলে সমঝোতায় না যাওয়ার প্রবণতা দেখা দিবে দুই দলের মধ্যেই।”

তারপরও আশাবাদী এই নিরীক্ষা কর্মকর্তা।

“আমি আশা করছি দেশের মানুষের স্বার্থে দুই নেত্রী সমঝোতার দিকে এগোবে এবং সব দল মিলে নির্বাচনের দিকে এগিয়ে যাবে।”

হরতালের মধ্যে মূলত ভোগান্তি হয় সাধারণ মানুষেরই। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা সামনে। এই সময়ে হরতালের কারণে পড়াশোনার ক্ষতিটাই অভিভাবকদের প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

নবম শ্রেণির ছাত্রী নম্রতা সরকার আনুশকা বলেন, “আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো ২৩ অক্টোবর, তা পিছিয়ে গেছে। আমরা বাসা থেকে বের হতে পারছি না, টিউটররা বাসায় আসতে পারছে না, তাই সিলেবাসও শেষ করা সম্ভব হচ্ছে না। মা-বাবাও এ নিয়ে টেনশনে আছে।”

গৃহিনী শাহানা আক্তার বলেন, “দুই নেত্রীর ফোনালাপের খবর টেলিভিশনে দেখলাম। তারপরও কেন যে হরতাল প্রত্যাহার করা হলো না তা বুঝতে পারলাম না।

“হরতাল হলে আমাদের সাধারণ মানুষের ক্ষতি, ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি। হরতালের মধ্যে ‘ও’ লেভেলের পরীক্ষা পড়েছে। সামনে জেএসসি, পিএসসি পরীক্ষা। তাছাড়া বাড়ির সদস্যদের বিপদ মাথায় করে অফিস-আদালতে যেতে হয়।”

আলোচনার উদ্যোগের পরও হরতাল প্রত্যাহার না করায় ক্ষোভ প্রকাশ করলেন রাজনীতি সচেতন কাপড় ব্যবসায়ী আব্দুল মান্নান ।

তিনি বললেন, “আলোচনার উদ্যোগ না নিলে হরতাল করার ঘোষণা দেন বিরোধী দলীয় নেত্রী। আলোচনার উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী হরতাল প্রত্যাহারে খালেদা জিয়ার দেয়া শর্ত পূরণ করেছেন। এর পরও কেন এই হরতাল? দেশের অধিকাংশ হরতালেই থাকে খোঁড়া যুক্তি। এই হরতালে খোঁড়া যুক্তিও নেই।”

আর বেসরকারি চাকরিজীবী কাজী শামসুল হকের কণ্ঠে ঝরলো অনিশ্চয়তার আশঙ্কা।

তিনি বলেন, “তারা (দুই নেত্রী) আসলে কী চাচ্ছেন তা বোঝা যাচ্ছে না। এভাবেই হয়তো চলতে থাকবে, কিন্তু ভোগান্তি হবে আমাদের।”

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের জনসভায় প্রধান বিরোধী দলীয় নেত্রী ঘোষণা দেন, শনিবারের মধ্যে সংলাপের উদ্যোগ না নিলে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৬০ ঘণ্টার হরতাল পালন করা হবে।

এর পরদিনই শনিবার সন্ধ্যায়প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকবারের চেষ্টার পর বিরোধী দলীয় নেত্রীকে টেলিফোন করে সোমবার রাতে গণভবনে সংলাপের ও নৈশভোজের আমন্ত্রণ জানান।

দুই নেত্রীর টেলিফোন আলাপের এই ঘটনাকে দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে একটি বড় ধরনের অগ্রগতি হিসাবে দেখছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী-খালেদা জিয়ার মধ্যে ফোনালাপ একটি বড় অর্জন। আমাদের ইতিহাসে এরকম কোনো নজির নাই। বিরোধী দলীয় নেতার উচিত প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে হরতাল প্রত্যাহার করা। তার সঙ্গে আলোচনা করে যদি কোনো ঐক্যে না পৌঁছাতো তাহলে পরবর্তীতে কর্মসূচি দিতে পারতেন।”

বিরোধী দলীয় নেত্রী সাধারণ মানুষের কথা ভাবছেন না বলেই এমন সিদ্ধান্ত এসেছে বলে জানালেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সফটওয়্যার প্রকৌশলী সালমান ওয়াহেদ।

অবশ্য হরতাল প্রত্যাহার না করার পেছনেও খালেদা জিয়ার যুক্তি আছে বলে মনে করছেন কেউ কেউ। তাদের যুক্তি- আরো কয়েকদিন আগে এই উদ্যোগ নিলে এতো অনিশ্চয়তা তৈরি হতো না।

একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ফোন কলটি করেছিলেন তা দুই-তিন দিন আগে করলে আরো ভালো হতো। তবে বিরোধী দলের নেত্রী জোট নেতাদের সঙ্গে কথা বলে কর্মসূচি ঘোষণা করেছেন। তাকে আবার তাদের সঙ্গে কথা বলেই হরতাল প্রত্যাহার করতে হবে। তাই হয়তো তিনি তাৎক্ষণিকভাবে হরতাল প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে পারছেন না।”

অটোরিকশাচালক ঈমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল প্রত্যাহার না করাটা আমার মতে ঠিক আছে। যদিও হরতালের আগে বোমাবাজি, মানুষ আহত-নিহত হওয়াটা ভালো ব্যাপার না। আমি আওয়ামী লীগ-বিএনপি কোনো দলকেই পছন্দ করি না।

“তবে সবকিছুর পরেও আমি চাই নির্বাচনের মাধ্যমে একজন ভালো মানুষ আমাদের নেতা হিসেবে আসুক।”