২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-খালেদা ফোনালাপের পর গাজীপুরে গাড়িতে আগুন

গাজীপুর জেলা শহর, টঙ্গী ও চান্দনা-চৌরাস্তা এলাকায় ৫টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দূর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 08:40 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ধারণা করছে হরতাল সমর্থকরাই শনিবার সন্ধ্যায় এ অগ্নিসংযোগ করে।

গত শুক্রবার সোহরওয়ার্দি উদ্যানে বিএনপি-র নেতৃত্বে ১৮ দলের সভা থেকে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া রোববার সকাল থেকে টানা ৬০ ঘণ্টার হরতালের ডাক দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে তারা।

তবে শনিবার এ আগুন দেয়ার কিছুক্ষণ আগে সন্ধ্যা সোয়া ৬টায় থেকে আধা ঘণ্টার বেশি সময় আগামী নির্বাচন নিয়ে সংলাপের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধী দলীয় নেত্রীর টেলিফোনে আলাপ হয়।

গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর আহমেদ বলেন, “শনিবার সন্ধ্যা ৭টার দিকে দূর্বত্তরা চান্দনা চৌরাস্তার কিছুটা দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি টেক্সি ক্যাব, একটি কাভার্ডভ্যান ও একটি পিক-আপে আগুণ দিয়ে দ্রুত পালিয়ে যায় “

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।

এ আগুনে ট্যাকসি ক্যাবের বেশিরভাগ অংশ এবং কাভার্ড ভ্যান ও পিক-আপের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনার পরপর জেলা শহরের জোরপুকুর এলাকায় দূর্বৃত্তরা আরো একটি পিক-আপে অগ্নিসংযোগ করে। আগুনে পিক-আপটির সামনের সিট পুড়ে গেছে।

পরে দমকল কর্মীরা গিয়ে গাড়িটির আগুন নেভায়।

অপরদিকে, টঙ্গী ফায়ার স্টেশন অফিসার সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে টঙ্গী ব্রিজ এলাকায় যাত্রীবেশে দুর্বৃত্তরা সু-প্রভাত সার্ভিসের একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং বাস থেকে নেমে পালিয়ে যায়।

আগুনে গাড়ির বেশির ভাগ আসন পুড়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নেভায়।