রাজশাহীতে সংঘর্ষে শিবির নেতা নিহত
রাজশাহী নগরীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করার সময় র্যাব-পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শিবির নেতা নিহত হয়েছেন। আহত হয় অন্তত ৩৫ জন।
শনিবার বিকাল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়।
নিহত রাশেদুল ইসলাম শিবিরের মতিহার থানা শাখার অর্থ সম্পাদক বলে সংগঠনটির এক নেতা জানান।
আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নয় জনকে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহত এক ওয়ার্ড কাউন্সিলরসহ ১৬ জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মহানগর গোযেন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ রাশেদুল ইসলামকে নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনোদপুরে ১৮ দলের একটি সমাবেশ চলছিল। সমাবেশ থেকে শিবিরের একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হয়ে কাজলার মোড়ের দিকে যাচ্ছিল।
তারা ফটকে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও যানবাহন ভাংচুর শুরু করলে র্যাব-পুলিশ সদস্যরা এগিয়ে যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ শুরু করলে র্যাব ও পুলিশ সদস্যরাও পাল্টা রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছোড়ে।
শিবিরকর্মীরা অন্তত ১৫-২০টি হাতবোমার বিস্ফোরণ করে বলে জানান তিনি।
ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার তথ্য বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাশেদুল শিবিরের ২৮ নম্বর ওয়ার্ড শিবিরের অর্থ সম্পাদক এবং রাজশাহী কলেজের স্নাতকের শিক্ষার্থী। নগরীর ডাসমারি এলাকার আমিনুল ইসলামের ছেলে তিনি।
গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর জানান, সংঘর্ষের সময় গুলিবিদ্ধ নয় জনকে নওদাপড়া ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, কাউন্সিলর আশরাফুলকে হাসপাতাল থেকে এবং অপর ১৫ জনকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
হাতবোমার বিস্ফোরণ
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, শিবির নেতা নিহত হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে সোনাদিঘী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিবির নেতাকর্মীরা।
এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ৪/৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
