একাত্তর টিভিতে বোমা হামলা
টেলিভিশন স্টেশন একাত্তরের বারিধারা কার্যালয়ে বোমা হামলা হয়েছে।
বোমার আঘাতে সংবাদ মাধ্যমটির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক জাকারিয়া আকন্দ বিপ্লব ও ক্যামেরা পারসন আলমগীর হোসেন আহত হয়েছেন। বিপ্লবের অবস্থা গুরুতর।
একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মিল্টন আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে মূল রাস্তা থেকে প্রাচীরের উপর দিয়ে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমায় কার্যালয়ের নিচে দাঁড়ানো বিপ্লব ও আলমগীর গুরুতর জখম হয়েছেন।
“বোমার আঘাতে বিপ্লবের পায়ের অনেকখানি মাংস উড়ে গেছে। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
পরে রাত পৌনে ১০টার দিকে বিপ্লবকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
একত্তর টেলিভিশনে কাজ শুরুর আগে জাকারিয়া বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ছিলেন।
একাত্তর টেলিভিশনে এই হামলা হরতাল সমর্থকদের কাজ বলে ধারণা করছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের উপ-কমিশনার লুৎফুল কবির এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আজ দেশের বিভিন্ন যে হামলা হয়েছে এটা তারই অংশ।”
বোমা হামলার জন্য একাত্তর টিভি কর্তৃপক্ষও হরতাল সমর্থকদের দায়ী করেছেন।
এদিকে প্রায় একই সময় মিরপুরের পল্লবীতে টেলিভিশন মোহনা কার্যালয়ের সামনে একটি হাতবোমা বিস্ফোরণ হয়।
মোহনার চেয়ারম্যান সাংসদ কামাল মজুমদারের ব্যক্তিগত সহকারী মোজাম্মেল মজুমদার জানিয়েছেন, তাদের কার্যালয় লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়েছিল। তবে এতে কেউ হতাহত হয়নি।
এছাড়া দৈনিক ভোরের কাগজ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির কার্যালয়ের সামনে থেকে দুটি তাজা হাতবোমা উদ্ধারের কথা জানান ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক আক্তারুজ্জামান লাবলু।
এর কিছুক্ষণ পরেই মৌচাক মোড়ে ফুট ওভার ব্রিজের কাছে পর পর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
