ফরিদপুরে নিজেদের ঘরে দম্পতির গলাকাটা লাশ
ফরিদপুর সদর উপজেলায় নিজদের ঘরে স্ত্রীসহ খুন হয়েছেন নৌবাহিনীর সাবেক এক সদস্য।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিক্রিরচর ইউনিয়নের মুন্সীডাঙ্গি গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- শামসু মীর মালত (৭০) ও নার্গিস নাহার শেলী বেগম (৬০) । স্ত্রীকে নিয়ে বাড়িতেই থাকতেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য শামসু।
কোতয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, গ্রামবাসীর কাছে খবর পেয়ে তারা গিয়ে গলা কাটা অবস্থায় ওই দম্পতির লাশ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য ইছাহাক প্রামানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে বাড়িতে কারো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা বাড়িতে ঢুকে দেখে শোবার ঘরে বিছানার ওপর শেলী বেগমের এবং পাশের ঘরে শামসুর গলাকাটা লাশ পড়ে আছে।
নিহত দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে ঢাকায় ব্যবসা করে, মেয়েদের বিয়ে হয়ে গেছে।
জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোহসিনুল।
