সাংবাদিক গিয়াস কামাল আর নেই
সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী আর নেই। দীর্ঘদিন রোগে ভুগে শনিবার মৃত্যু হয়েছে তার।
ভোর সাড়ে ৫টা দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মৃত্যু হয় গিয়াস কামালের। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস কামাল বিএফইউজে ও ডিইউজের সভাপতির দায়িত্বও পালন করেন। বাসসের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন তিনি। তবে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা হিসেবেই তাকে বেশি চেনেন দেশবাসী।
সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত কলাম লিখতেন গিয়াস কামাল। এক সময় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনেও কাজ করেছেন তিনি। তিনি ১৯৯২ সালে একুশে পদক পান।
গিয়াস কামালের পৈত্রিক নিবাস ফেনী সদর উপজেলার শর্শদীতে হলেও তার জন্ম ১৯৩৯ সালের ২১ জুলাই চট্টগ্রামে। প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী ছিলেন তার চাচা। তার মা মুনীর আখতার খাতুন চৌধুরাণী ছিলেন কবি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি নেয়ার পর সাংবাদিকতায় ডিপ্লোমা করেন গিয়াস কামাল।
১৯৬৪ সালে ইত্তেফাক গ্রুপ থেকে প্রকাশিত 'ঢাকা টাইমস' পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরে ইংরেজি দৈনিক মর্নিং নিউজে কাজ করেন। স্বাধীনতার পর বাসসে যোগ দেন তিনি। শেষ জীবনে দৈনিক খবরপত্র পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি।
পেশায় সাংয়বকাদিক হলেও রাজনৈতিক ক্ষেত্রে মাওলানা ভাসানীর অনুসারী ছিলেন গিয়াস কামাল।
২০১১ সাল থেকে অসুস্থ ছিলেন গিয়াস কামাল। এক পর্যায়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিনি।
প্রেসক্লাবে শেষ শ্রদ্ধা
দুপুরে গিয়াস কামালের মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেয়া হয়। সেখানে জানাজায় অংশ নেন সাংবাদিক, রাজনীতিকসহ তার দীর্ঘ সময়ের সহকর্মীরা।
জাতীয় প্রেসক্লাবের তিন দফা সভাপতির দায়িত্বপালনকারী গিয়াস কামালের কফিনের সামনে দাঁড়িয়ে অনেক সহকর্মী কান্নায় ভেঙে পড়েন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও রুহুল আমিন গাজী, দুই অংশের মহাসচিব শওকত মাহমুদ ও আবদুল জলিল ভুঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি আবদুল হাই শিকদার ও ওমর ফারুক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও শাবান মাহমুদ জানাজায় অংশ নেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব পৃথক পৃথক শোকবার্তায় প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
