ঝালকাঠীতে শিবির নেতাসহ গ্রেপ্তার ৬
নাশকতার সাথে জড়িত সন্দেহে ঝালকাঠীতে শিবিরের রাজাপুর উপজেলা সাধারণ সম্পাদকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদের যার যার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
এরা হলেন জেলার রাজাপুর উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন (১৮), জেলা সদর উপজেলার বিনয়কাঠী গ্রামের ছাত্রদলকর্মী চাঁদ মিয়া সরদার (১৮), যুবদলকর্মী আনিছ মৃধা (২০), মিরাজ সিকদার (২০) এবং নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বিএনপিকর্মী সাকিল হোসেন (২৫) ও আনসার আলী (৩৫)।
ঝালকাঠী গোয়েন্দা বিভাগের কর্মকর্তা (ডিআই-১) এবিএম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত রাতে নাশকতার সাথে জড়িত সন্দেহে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।”
তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
