সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশেই বিপুল সংখ্যক র্যাব-পুলিশ অবস্থান নিয়ে আছেন। দেহ তল্লাশি করে তাদের সমাবেশস্থলে প্রবেশ করতে দেয়া হচ্ছে নেতাকর্মীদের।
সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ ও মৎস্য ভবন মোড়ে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ফলে এই সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এছাড়া পল্টন ও সবিচালয়ের পশ্চিম পাশের সড়কে ব্যরিকেড দেয়া হয়েছে।
প্রেসক্লাবের সামনে থেকে বাসের টিকেট কাউন্টারগুলো সরিয়ে দেয়া হয়েছে। হাই কোর্টের পাশে কদম ফোয়ারার সামনে রায়ট কার, জলকামান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
অন্যদিকে দোয়েল চত্বর ও টিএসসি এলকায়ও রায়ট কার ও জল কামান নিয়ে কঠোর নজরদারি রেখেছে র্যাব-পুলিশ।
সমাবেশ আসা নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন তিন নেতার মাজার এলাকা, রমনা কলিমন্দির ও টিএসসির সামনের গেইট দিয়ে। শাহাবাগ থেকে মৎস্য ভবনের মধ্যবর্তী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের গেইট দিয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকায় সড়কগুলোতেও যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে।
পল্টন, বায়তুল মোকাররম এলাকা, বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টেও অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।
