‘আলামত ভালো দেখছি না’
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশকে ঘিরে জামায়াত-শিবির ‘অপতৎপরতা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আলামত ভালো দেখছি না।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপি ও শরিকরা বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। একই দিনে সমাবেশ করার ঘোষণা দিলেও পুলিশের অনুমতি না পাওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দলের ‘যে কোনো নাশকতার চেষ্টা’ ঠেকাতে রাজপথে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকরা জানান, সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ের বিভিন্ন অলিগলিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে আছেন।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং আহম্মদ হোসেন।
আর ছাত্রলীগ কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছেন।
পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে প্রথমে সভা সমাবেশের নিষেধাজ্ঞা দিলেও পরে বিএনপিকে ১৩ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয় পুলিশ।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিহত করতে মহানগর আওয়ামী লীগ শুধু আজ নয় টানা অবস্থান চালিয়ে যাবে।”
‘নাশকতার চেষ্টা’ ঠেকাতে ঢাকা মহানগরে ১২টি সাংগঠনিক ‘টিম’ তৈরি করা হবে বলেও জানান তিনি।
এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে মায়া বলেন, “খালেদা জিয়ার দুষ্টচক্র যে কোনো সময় ছোবল মারতে পারে।”
