২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎকণ্ঠার নগরী অনেকটাই ফাঁকা

নির্বাচনের ক্ষণগণনা শুরুর যে দিনটি ঘিরে তেঁতে উঠেছে দেশের রাজনীতি, রাজধানীতে তার সকাল শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে।     

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 10:59 AM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার সকাল থেকে কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে রাজনৈতিক সংঘাতের আশঙ্কায় অনেকটাই ফাঁকা রজধানীর রাজপথ।

সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে। সে হিসাবে শুক্রবার শুরু হলো দিন গণনা।

নির্দলীয় সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপি ও শরিকরা বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এ জনসভায় বক্তব্য দেবেন।

আগের দিনই তিনি বলেছেন, নির্বাচনের দিনগণনা শুরুর দিন, অর্থাৎ শুক্রবার থেকে বর্তমান সরকারের আর কোনো বৈধতা নেই।

অবশ্য সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত বর্তমান সরকারই দেশ চালানোর দায়িত্বে থাকবে। বহাল থাকবে বর্তমান সংসদও। 

বিএনপির সঙ্গে একই দিনে সমাবেশ করার ঘোষণা দিলেও পুলিশের অনুমতি না পাওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বৃহস্পতিবার ওই সিদ্ধান্ত থেকে সরে আসে। তবে বিরোধী দলের ‘যে কোনো নাশকতার চেষ্টা’ ঠেকাতে রাজপথে ‘সতর্ক’ থাকার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা।

দুই দলের পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যে জনমনে উদ্বেগ, উৎকণ্ঠা ছড়িয়ে পড়ায় রাজধানীতে বিজিবি নেমেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই। তখন থেকেই অনেকটা ফাঁকা হয়ে যায় রাজপথ। জ্বালাও-পোড়াওয়ের আশঙ্কায় অনেকেই রাস্তায় গাড়ি বের করার সাহস করেননি।     

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক সুলাইমান নিলয় ও সালাহউদ্দিন ওয়াহেদ প্রীতম জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়সহ প্রতিটি সড়কেই পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে। মালিবাগ রেলগেট, কাকরাইল, পল্টন, প্রেসক্লাব, সেগুনবাগিচা এলাকার মোড়ে মোড়ে রয়েছে পুলিশ। কাকরাইলে গাড়িতে করে বিজিবি সদস্যদেরও টহলে দেখা যায়।

যে কোনো বিশৃঙ্খলার চেষ্টা শক্ত হাতে সামলানোর হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে রেখেছে পুলিশ।  

রামপুরা থেকে পল্টন, শাহবাগ থেকে পান্থপথ এলাকায় অল্প কিছু খাবার ও ওষুধের দোকান ছাড়া অধিকাংশ দোকান পাটই বন্ধ দেখা গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদ জানান, সকালে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার মঞ্চ তৈরির কাজ শুরু হলেও বৃষ্টির কারণে কাজ প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়। তবে আয়োজকরা আশা করছেন, বেলা ২টায় সমাবেশ শুরুর নির্ধরাতি সময়ের আগেই তারা প্রস্তুতি শেষ করতে পারবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান ও নয়া পল্টনে বিএনপি কার্যালয় এলাকাতেও। জল কামানের গাড়ি, প্রিজন ভ্যান ও পুলিশের মাইক্রোবাস তৈরি রাখা হয়েছে।

ছুটির দিনের সকালে এমনিতেই সড়কে যানবাহন কম থাকে, শুক্রবার তা আরো কম। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠার মধ্যে জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হতে চাইছেন না কেউ। 

সকাল ৯টার দিকে ৫ জন যাত্রী নিয়ে শাহবাগ পার হওয়ার সময় গাবতলী-গুলিস্তান রুটের (২১/১ রুটের) বাসের চালকের সহকারী আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইজকা সব রুটেই বাস কম। যাত্রীও নাই। সবাই টেনশনে।”

একটি ঔষুধ কোম্পানির কর্মকর্তা রামপুরার বাসিন্দা মহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে ভর্তি। তাকে দেখতেই সকালে বের হয়েছেন। তা না হলে এই পরিস্থিতিতে হয়তো বাসা থেকেই বের হতেন না।

পল্টনের ঔষুধের দোকানের কর্মচারী আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত সকাল সাড়ে ৬টার দিকে দোকান খুলি। আজ একটু দেখে শুনে সাড়ে ৮টায় বের হয়েছি।”

কতক্ষণ দোকান খোলা রাখবেন- পরিস্থিতি দেখে সেই সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

পুরনো খবর:

উত্তেজনা দেশজুড়ে, উদ্বেগ