২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচপুরে ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন 

প্রধান দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট কাঁচপুর সেতুসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

এদিকে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি এবং পুলিশের সাঁজোয়া মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক মনোজকান্তি বড়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বৃহস্পতিবার রাত ১২টা থেকে ওই সমস্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর, কাঁচপুর থেকে মদনপুর, ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে ভুলতা গাউছিয়া হয়ে তারাবো সুলতানা কামাল ব্রিজ, রূপসী বরপা হয়ে ভুলতা গোলাকান্দাইল, গোলাকান্দাইল থেকে নরসিংদী জেলার সীমানা পর্যন্ত, সোনারগাঁও মেঘনা ব্রিজ হয়ে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের নারায়ণগঞ্জের অংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি বলেন, “ওই এলাকাগুলোতে কোনো প্রকার সভা-সমাবেশ ও মাইকিং করা যাবে না। তবে দুটি মহাসড়কেই যান চলাচল স্বাভাবিক থাকবে।”

এর আগে আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমান ২৫ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সমাবেশের ঘোষণা দেন। পরে একই স্থানে জেলা বিএনপি পাল্টা সমাবেশের ঘোষণা দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।