২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনপাড়া পৌর মার্কেটে আগুনে পুড়ল ৪২ দোকান

নাটোরের বনপাড়া পৌর মার্কেটে আগুনে অন্তত ৪২টি দোকান পুড়ে গেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 06:19 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বৃহস্পতিবার বিকালে শর্ট সার্কিট থেকে এ আগুনের সূচনা হয়।

অগ্নিনির্বাপক বাহিনীর নাটোর স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, মার্কেটের একটি কসমেটিক্সের দোকান থেকে আগুনের সূচনা হয়। মুহূর্তে তা চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, নাটোর, গুরুদাসপুর ও লালপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে ৪২টি দোকান।

বনপাড়া বাজারের ঔষুধ ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, বিকেল ৩টায় মার্কেটের উত্তর দিকের একটি কসমেটিক্সের দোকান থেকে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, “অধিকাংশ দোকান জ্বালানি তেল, ছিটকাপড় ও মুদি পণ্যের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।”

বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের তদারকি করেন।

মেয়র জাকির হোসেন বলেন, “তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক করে বলা মুশকিল। তবে ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা হবে।”